বরিশাল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের বানারীপাড়া উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে রাস্তার দুই হাজার ইট উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বাইশারী ইউনিয়নে মাহাতাব উদ্দিন ফকিরের বাড়িতে এ ইট পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বানারীপাড়া থানার ওসি আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদী ভাঙ্গনের পড়া একটি রাস্তার ইট উঠিয়ে বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন ফকির বাড়ি নিয়ে রাখেন।
রাস্তা থেকে এই ইট ওঠাতে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আটশ’ ইট তিনি বিক্রি করেন বলেও পুলিশ জানায়।
বানারীপাড়া থানার লবনসাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহাতাবের বাড়ির সামনে প্রায় দুই হাজার ইট পাওয়া গেছে।
পরে তা স্থানীয় ইউপি সদস্য সবুর হোসেন খান ও বাদল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) আব্দুল আলীম খান ওয়ারেশী বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ মাহাতাবের বাড়ি থেকে এসব ইট উদ্ধার করে।
উপজেলা প্রকৌশলীকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইউএনও জানান।
বানারীপাড়া উপজেলা প্রকৌশলী ফজল আহমেদ বলেন, সরকারি মালামাল উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে অবহিত করা হয়েছে।
মাহাতাব উদ্দিন ফকিরের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.
bdnews24