২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাধান বের করতে হবে রাজনীতিবিদদেরই: আকবর আলী

সুশীল সমাজের নিজেদের মধ্যে ঐক্যমত্য নেই উল্লেখ করে আগামী নির্বাচন নিয়ে সংকটের সমাধান রাজনীতিবিদদেরই বের করতে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুশীল সমাজের নিজেদের মধ্যে ঐক্যমত্য নেই উল্লেখ করে আগামী নির্বাচন নিয়ে সংকটের সমাধান রাজনীতিবিদদেরই বের করতে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেসে সাংবাদিকদের আকবর আলী বলেন, “দেশের রাজনীতি সুসংগঠিত না থাকলে সুশীল সমাজ সক্রিয় ভূমিকা রাখতে পারে। কিন্তু বড় দুর্ভাগ্য হল সিভিল সোসাইটি বিভক্ত হয়ে গেছে। কোনো বিষয়েই নিজেদের মধ্যে ঐক্যমত্য নেই।” আগামী নির্বাচন নিয়ে সংকটের সমাধান রাজনীতিবীদদেরই দিতে হবে উল্লেখ করে আকবর আলী বলেন, “উনারা যদি সমাধান না দেন, জেগে থেকে ঘুমান তাহলে বাইরের কেউ সমস্যার সমাধান দিতে পারবে না।” বর্তমান পরিস্থিতিতে সুশীল সমাজ বড় রাজনৈতিক পরিবর্তন করতে পারবে না উল্লেখ করে আকবর আলী ‘অসহিষ্ণু’ প্রধান দুটি রাজনৈতিক দলকে সহাবস্থানের আহ্বান জানান। বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বাংলাদেশে কখন ইলেকশন হবে, কীভাবে হবে, আদৌ হবে কিনা- তা নিয়ে গণকরাও ভবিষ্যৎ বলতে পারবে না। এটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।” র‌্যাব ভেঙে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক হিউম্যান রাইটস্ ওয়াচের সুপারিশ প্রসঙ্গে আকবর আলী বলেন, “র‌্যাবের মতো বাহিনী কোনো দেশের স্থায়ী সমাধান হতে পারে না। এমন ব্যবস্থা নিতে হবে যেন র‌্যাবের প্রয়োজন না হয়।” “পুলিশের আইনকানুন সংস্কার করা প্রয়োজন। পুলিশেও সংস্কার করা দরকার। পুলিশের কাজ তদরকি করতে কমিশন গঠন করা দরকার”, যোগ করেন তিনি। তবে সব বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার বলেও মত দেন আকবর আলী। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অভিযোগের বিষয়ে তিনি বলেন, একই বিষয়ে কানাডার আদালতে দুই জনের বিচার হচ্ছে। আদালতের রায়ে তাদের সাজা হলে বাংলাদেশকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। মানবাধিকার সংগঠন মুক্তচিন্তা ফোরাম সা¤প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই মিট দ্য প্রেসের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/২১০০ ঘ.