২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার উপদেষ্টা হলেন মেয়র মনজুর

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে খালেদা জিয়া এই মনোনয়ন দেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নিয়োগের ফলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ৩৬। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মনজুর এক সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কাছের লোক হিসেসে পরিচিত ছিলেন। গত সিটি করপোরেশন নির্বাচনের আগে মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ওই সময় নির্বাচনে চার দলীয় জোট তাকে সমর্থনও দেয়। ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন মনজুর। উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করায় খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র মনজুর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, “সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে মেয়র পদ এবং দল কর্তৃক প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করে যেতে পারব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এইচএ/২০৫০ ঘ.