২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

পদ্মা সেতু প্রকল্প নিয়ে সংসদে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি। ওই বক্তব্যের কারণে মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন দলটির একজন জ্যেষ্ঠ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প নিয়ে সংসদে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি। ওই বক্তব্যের কারণে মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন দলটির একজন জ্যেষ্ঠ নেতা। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “সরকারের অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংক সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এটা কোনো দেশের অর্থমন্ত্রী দিতে পারেন না। পদ্মা সেতুর বিষয়ে সমাধান না দিতে পারলে তিনি মন্ত্রিসভা থেকে চলে যান। আমরা অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি করছি।” বিশ্ব ব্যাংক দেশের সর্ববৃহৎ এ প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার জাতীয় সংসদে এক বিবৃতিতে বলেন, “সম্ভবত বিশ্ব ব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জেলিক তার মেয়াদকালে বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশেষভাবে বিপর্যস্ত করেছে।” বিশ্ব ব্যাংক গত শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার কথা জানায়। ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। ঋণ বাতিলের কারণ হিসাবে বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। গত বছর দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ঋণ স্থগিত করার পর তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকে অভিযোগের আঙুল ওঠে। এরপর তাকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। তবে আবুল হোসেন বরাবরই বলে আসছেন, কোনো দুর্নীতি হয়নি। এ প্রসঙ্গ টেনে সাবেক মন্ত্রিপরিষদ ও অর্থ সচিব এম কে আনোয়ার বলেন, দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল সারাদেশকে এক চরম সংকটে ফেলে দিয়েছে। বিরোধী দল হিসেবে বিএনপি দেশের এরকম পরিস্থিতিতে উদাসীন হয়ে বসে থাকতে পারে না। “আমরা সরকারকে বলতে চাই- বিশ্বব্যাংকের দেওয়া অভিযোগ অনুযায়ী সেতু নির্মাণ প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িতদের অভিযুক্ত করতে হবে। এরপর বিশ্বাসযোগ্য তদন্ত করার ব্যবস্থা নিন।” তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংকের আস্থা ফিরে আসবে বলেই মনে করেন আনোয়ার। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেটিক মুভমেন্ট এর উদ্যোগে পদ্মসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ: সরকারের ভূমিকা ও জাতীয় মর্যাদা’ শীর্ষক এ আলোচনা সভায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ার অভিযোগ করেন সরকার ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আসছে। “স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে পোষা বিড়ালে মতো প্রতিষ্ঠানে পরিণত করেছে”, বলেন তিনি। দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক সভাপতি রবার্ট জেলিক সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, অর্থমন্ত্রী এক সময়ে বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এ পরিচালক পদে কাজ করেছেন। তিনি জানেন, প্রকল্পে অর্থায়ন বাতিলের বিষয়ে কোনো ব্যক্তির প্রভাব থাকে না, প্রাতিষ্ঠানিকভাবেই সিদ্ধান্ত হয়ে থাকে। “আমরা মনে করি, অর্থমন্ত্রী সংসদে বিশ্ব ব্যাংকের বিদায়ী সভাপতিকে দোষারোপ করে অসত্য বিবৃতি দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন। এভাবে জনগণের মুখে ললিপপ দিয়ে সত্য আড়াল করা যাবে না।” বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক বলেন, “আমি দীর্ঘদিন বিশ্ব ব্যাংকে কর্মরত ছিলাম। সেখানে প্রকল্প নির্ধারণ থেকে শুরু করে সব কিছুই একটি স্বচ্ছ ও জবাবদিহি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয়ে থাকে।” “বিশ্বব্যাংকের প্রকল্প বিভাগ, অর্থনৈতিক বিভাগ ও আইন বিভাগে প্রকল্প অনুমোদন শেষে সংস্থার বোর্ডে তা চূড়ান্ত অনুমোদন পায়। তাই এখানে যা কিছুই হয়, প্রতিষ্ঠানিকভাবেই হয়ে থাকে। সভাপতির সিদ্ধান্তে নয়”, বলেন তিনি। ডেমোক্রেটিক মুভমেন্টের উপদেষ্টা সাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪৫ ঘ.