বরিশাল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনকে কুপিয়ে জখম করার মামলায় যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বুধবার বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. হেলালুজ্জামান।
এছাড়া মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ও যুবদল কর্মী মো. পলুকে।
মামলার অভিযুক্ত আসামিরা হলেন - যুবদল নেতা কামরুল হাসান রতন, মাহফুজুর রহমান মাহফুজ, মো.আলাউদ্দিন, মাহবুবুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মুন্না ও মাহফুজুর রহমান মিঠু, মহানগরের যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান মঞ্জু, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান কালু, ছাত্রদল কর্মী রনি ও মো. জাহিদ।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ৯ মে রাজন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ভোলা থেকে জনসভা শেষ করে বরিশালে ফেরার পথে নগরীর চরকাউয়া ফেরিঘাট পৌঁছুলে অভিযুক্তরা রাজনকে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় রাজনের ভাই শাহজাহান খান বাদি হয়ে পরের দিন সাংসদ সরোয়ারসহ ১২ জনকে আসামি করে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১১৪১ ঘ.
bdnews24