চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপিদলীয় সংসদ সদস্য মোস্তাফা কামাল পাশার বাড়ির বৈঠকঘর থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোর ৫টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে সন্দ্বীপ থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানিয়েছেন।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হল- একটি কাটা রাইফেল, ১১ রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি কিরিচ এবং জাহাজে ব্যবহৃত নয়টি সঙ্কেত বাতি।
ওসি রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংসদ সদস্যের বৈঠকঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি।
অস্ত্র উদ্ধারের আগে শুক্রবার মধ্যরাতে সংসদ সদস্যের দুই ভাতিজাসহ তিন ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
তারা হলেন, কামাল পাশার ভাতিজা মো. আকিজ (৩০) ও নোমান (২২) এবং পৌরসভা এলাকার মৃত হাজী আব্দুল হাকিমের পুত্র রেদোয়ান (৩০)।
ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মারধরের অভিযোগে রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৪১৬ ঘ.
bdnews24