ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে পাস হওয়া ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দলের এ প্রতিক্রিয়ার কথা জানান।
তিনি বাজেটের সমালোচনা করে বলেন, এই সরকার একদলীয় সংসদে এই বাজেট পাস করেছে। গত অর্থবছরের বাজেটে সরকার জাতীয় প্রবৃদ্ধির হার, রপ্তানি-আমদানি, রেমিটেন্স প্রভৃতি ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো, তার কোনোটিই অর্জন করতে পারেনি। সবক্ষেত্রে লক্ষ্যমাত্রার সূচক ছিল নি¤œমুখী। এবারও সরকারের অবস্থা তেমনই হবে বলে আমরা মনে করি।
“সংকোচন নীতির ওপর ভিত্তি করে সরকার এই বাজেট প্রণয়ন করেছে। ঋণ নির্ভর এই বাজেট জনগণের কোনো কল্যাণেই আসবে না। অদক্ষতা ও দুর্নীতির কারণে বিশাল অংকের এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না সরকার”, যোগ করেন মওদুদ।
পদ্মাসেতু ও রেলওয়েসহ বিভিন্ন প্রকল্পে কথিত দুর্নীতির প্রসঙ্গ টেনে সাবেক এই আইনমন্ত্রী দাবি করেন যে, সরকার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। এমন কোনো প্রকল্প নেই, যেখানে ক্ষমতাসীনরা দুর্নীতিতে জড়িয়ে পড়েনি।
বৃহস্পতিবার সংসদে প্রধান বিরোধীদল বিএনপির অনুপস্থিতিতেই ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়।
বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশনে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার এই বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
এটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের চতুর্থ এবং সরকারের মেয়াদের শেষ ‘পূর্ণাঙ্গ’ বাজেট।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে সদ্য কারামুক্ত মহানগর নেতা এল রহমান, আবদুল আজিজ, ছাত্রদলের বিল্লাহ হোসেন তারেকসহ কয়েজন নেতাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
মওদুদ অভিযোগ করেন, আটক নেতাদের মুক্তির জন্য বৃহস্পতিবার মহানগর জজ আদালতে জামিন আবেদন করা হয়েছিলো। কিন্তু সরকারের প্রভাবের কারণে আদালত তাদের জামিন দেয়নি।
“এ থেকে বোঝা যায়, দেশে আইনের শাসন বলতে কিছ্ ুনেই, আছে আওয়ামী লীগের শাসন।”
নির্দলীয় সরকারের দাবি
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ১২৩ অনুচ্ছেদ সংশোধনের দাবি জানিয়েছেন মওদুদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর কোথাও নজির নেই- সংসদ না ভেঙ্গে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার। ব্রিটেন, ভারতসহ ইউরোপের যেদেশের কথাই বলুন- এমন নজির নেই। অথচ সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ১২৩ অনুচ্ছেদে সংসদ থাকা অবস্থায় নির্বাচন করার বিধান সংযোজন করেছে। এটা হতে পারে না।
গত বছরের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। আর এর মধ্য দিয়ে অবসান ঘটে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির।
বিএনপির এই জ্যেষ্ঠ সাংসদ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, “এখনো সময় আছে, নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করুন। নইলে গণবিস্ফোরণের চাপে একদিন না একদিন জনগণের এই দাবি আওয়ামী লীগ সরকার মানতে বাধ্য হবে।’’
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিরোধী দলীয় নেতাকে রাজনীতি থেকে মাইনাস করার হুমকি দিয়েছেন হাসানুল হক ইনু। আমি বলতে চাই- খালেদা জিয়া নন, ইনুরা তথা মহাজোটই মাইনাস হয়ে যাবে। কারণ, তারা এখনই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫০ ঘ.
bdnews24