২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস আলীর সন্ধান না মেলায় যুক্তরাজ্যের উদ্বেগ

বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ির চালককে উদ্ধারে সরকারকে সম্ভাব্য সব ধরণের চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ির চালককে উদ্ধারে সরকারকে সম্ভাব্য সব ধরণের চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন। জাতীয় প্রেসক্লাবে বুধবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইলিয়াস আলীকে এখনও খুঁজে না পাওয়া যাওয়ায় উদ্বেগ জানিয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, “তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা সরকারের কাছে ইস্যুটি তুলে ধরতেই থাকব।” বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে র‌্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও খোঁজ মেলেনি সাবেক এই সংসদ সদস্যের। বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস্টার বার্ট। এ নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে (হাউস অফ কমন্স) আলোচনা হয়েছে বলেও ৩০ মে এক সংবাদ সম্মেলনে জানান তিনি। বৃহত্তর সিলেটের অনেকেরই বাস যুক্তরাজ্যে। দেশটির রাজনীতিতেও স্থানীয় সিলেটিদের প্রভাব রয়েছে। গিবসন বলেন, “কেউ কেউ আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করছেন, আইন শৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূতভাবে কাজ করছে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেই আমরা আশা করছি।” মিয়ানমারের উত্তর রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাজ্য সরকার যোগাযোগ করেছে বলে রাষ্ট্রদূত জানান। রাখাইন প্রদেশে সা¤প্রতিক সহিংসতার পর বাংলাদেশে আশ্রয়ের জন্য আসছে রোহিঙ্গা শরনার্থীরা। গিবসন জানান, নির্বাচন প্রক্রিয়া আরো জোরদার করতে ব্রিটিশ সরকার নির্বাচন সরকারের সঙ্গে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৮১৫ ঘ.