২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মন্ত্রিত্ব ধরে রেখে সাদা হতে চাইলেও সুরঞ্জিত কালোই’

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনের সমালোচনা করে আসা সুরঞ্জিত সেনগুপ্তকে তার সহকারী অর্থ কেলেঙ্কারি নিয়ে খোঁচা দিয়েছেন আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনের সমালোচনা করে আসা সুরঞ্জিত সেনগুপ্তকে তার সহকারী অর্থ কেলেঙ্কারি নিয়ে খোঁচা দিয়েছেন আ স ম হান্নান শাহ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি এক মানববন্ধন কর্মসূচিতে বলেছেন, “রেল মন্ত্রণালয়ের কালো বিড়াল ধরতে গিয়ে নিজেই ঘুষ কেলেঙ্কারির ঘটনার জড়িয়ে পড়ে তাকে (সুরঞ্জিত) পদত্যাগ করতে হয়েছে। “এখন দপ্তরবিহীন মন্ত্রী হয়ে সাদা বেড়াল সেজেছেন তিনি। কিন্তু দেশের মানুষ দপ্তরবিহীন ওই মন্ত্রীকে কালো বিড়াল হিসেবেই জানেন।” গত বছরের ডিসেম্বরে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সময় সুরঞ্জিত বলেছিলেন, তিনি রেলে দুর্নীতির ‘কালো বিড়ালটি’ ধরতে চান। এর পাঁচ মাসের মাথায় ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পর বিতর্কের মুখে পদত্যাগ করেন সুরঞ্জিত। পরে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। হান্নান শাহ বলেন, কথিত তৃতীয় শক্তির সমর্থন নিয়ে আগামীতে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। “আওয়ামী লীগ কথিত তৃতীয় অপশক্তির সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, দেশের মানুষ তা ভালোভাবে জানে,” বলেন তিনি। সরকারের ‘গণবিরোধী’ কার্যকলাপের প্রতিবাদে জিয়া ব্রিগেডের ওই মানববন্ধনে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, আ ন ম এহছানুল হক মিলন, শাম্মী আখতার, জাহিদ ইকবাল মো. হানিফ, আবুল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৪৫ ঘ.