২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসে এরশাদ স্বৈরাচারই থাকবেন: বিএনপি

গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এইচ এম এরশাদ তাকে স্বৈরাচার না বলতে যে অনুরোধ করেছেন, তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এইচ এম এরশাদ তাকে স্বৈরাচার না বলতে যে অনুরোধ করেছেন, তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। জাতীয় পার্টির চেয়ারম্যানের অনুরোধ আওয়ামী লীগ সংসদ সদস্যদের মেনে নেওয়ায় সমালোচনাও করেছেন বিরোধী দলের নেতারা। বুধবার সকালে দুটি মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ও আবদুল্লাহ আল নোমান বলেন, এরশাদের কপালে স্বৈরাচারের কালিমা কখনোই মুছবে না। বিএনপির সহসভাপতি এবং ৯০ এর গণআন্দোলনের নেতা নোমান বলেন, “ইতিহাস এরশাদকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছে, একে মুছে ফেলা যাবে না। তাহলে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।” এরশাদ হটানোর আন্দোলনে শহীদ যুবলীগ কর্মী নূর হোসেন, জাসদ নেতা ডা. শামসুল আলম মিলন, ছাত্রদল নেতা নাজিরউদ্দিন জেহাদের আত্মত্যাগ স্মরণ করে নোমান বলেন, “এরশাদের অনুরোধ আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হলেও দেশের জনগণের কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না।” ক্ষমতাসীন মহাজোটের নেতা এরশাদ সংসদে মঙ্গলবার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “ভাইয়েরা, আমাকে স্বৈরাচার বলবেন না। আমি দুঃখ পাই, ব্যথা পাই।” তার বক্তব্য শোনার পর অধিবেশন কক্ষে উপস্থিত অধিকাংশ সংসদ সদস্য সমস্বরে বলে ওঠেন, “আর বলব না।” মহাজোটে ভাঙন ঠেকাতে আওয়ামী লীগ এরশাদকে স্বৈরাচার না বলার অপচেষ্টা চালাচ্ছে দাবি করে নোমান বলেন, “আওয়ামী লীগের জলিল সাহেব বলেছেন, আর স্বৈরাচার বলবেন না। এটা আওয়ামী লীগের বক্তব্য হতে পারে, গণতন্ত্রকামী মানুষের বক্তব্য নয়।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “নয় বছর এরশাদের শাসনামলে কত মানুষ জীবন দিয়েছেন। আজ উনি যদি বলেন, তাকে স্বৈরাচার বলা যাবে না, কিংবা তিনি স্বৈরাচার থেকে মুক্তি পাবেন, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।” জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-১৮ আসনের জনগনের ব্যানারে উত্তরা, উত্তরখান, খিলক্ষেত ও তুরাগ এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা যুবদল নেতা এস এম জাহাঙ্গীরসহ আটক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করে, যাতে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম। অন্যদিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে জাসদ নেতা হাসানুল হক ইনুর ‘কটূক্তির’র প্রতিবাদে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে বক্তব্য রাখেন নোমান। ইনুর সমালোচনা করে নোমান বলেন, “দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়াকে ইনু সাহেবরা মাইনাস করার ঘোষণা দিয়েছেন। এরা (ইনুরা) সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না বলে কখনো ভোটে নির্বাচিত হতে পারেননি। এবার নৌকায় চড়ে সংসদ সদস্য হয়েছেন।” মানববন্ধনে হাসানুল হক ইনুর একটি কুশপুত্তলিকা পোড়ানো হয়। মানববন্ধনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রাহমাতুল্লাহ, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪১৬ ঘ.