২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাহফুজের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নেই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা আওয়ামী লীগ বা সরকারের নির্দেশে বা প্ররোচনায় হয়নি বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা আওয়ামী লীগ বা সরকারের নির্দেশে বা প্ররোচনায় হয়নি বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে প্রতিমন্ত্রী বলেন, “কেউ যদি কারো বক্তব্যে আঘাত পেয়ে থাকেন এবং এতে মানহানির বিষয়টি জড়িত থাকে, সেক্ষেত্রে তিনি আদালতে যেতে পারেন। এতে সরকারের পক্ষ থেকে কাউকে বাধা দেওয়া বা উৎসাহিত করার কিছু নেই।” এমদাদুল হক এমদাদ নামের ওই যুবলীগ নেতা বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মামলা হলেও বিচারক এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। বৃহস্পতিবার আদেশ দেবেন। এ বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে। এতে সরকারের কিছু করার নেই। “প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক দলেরও নেত্রী। ওই দলের একজন কর্মী মনে করেছেন তার নেত্রী সম্পর্কে কটূক্তি করা তার জন্যও মানহানিকর। এ কারণেই তিনি মামলা দায়ের করেছেন।” যোগ করেন তিনি। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শরিফ বুধবার কুমিল্লার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয় এবং মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে। একুশে টেলিভিশনে সোমবার প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে দেখা যায় লন্ডনে এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, ‘আরে, প্রাইম মিনিস্টার কতো না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।” মাহফুজের ওই মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মাহফুজ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭১১ ঘ.