ঢাকা, জুন ২৬ (বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন করে আগামী ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন রাখেন।
বাকি অভিযুক্তরা হলেন- ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আবুল খায়ের ও জসিম উদ্দীন, দ্বীন ইসলাম, সেলিম, মোখলেছুর রহমান, সাজেদুর রহমান এবং সোহেল। এদের সবাই বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত।
এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান তোতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ গঠনের সময় আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে বিচারকের কাছে ন্যায় বিচার চান। তারা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানালে তা নাকচ করে দেয় আদালত।
গত বছরের ৬ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতালের আগের দিন ধানম-ির সাত মসজিদ রোডে একটি বাসে আগুন দেওয়া হয়।
ধানমণ্ডি থানার এএসআই আক্কাস আলী ওইদিনই এ মামলা দায়ের করেন।
টুকুকে মঙ্গলবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আলালসহ অন্য আসামিরাও আদেশের সময় আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/১৮১২ ঘ.
bdnews24