ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর একগুয়েমী ও দুর্নীতি দেশকে মহা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে পরিকল্পিতভাবে সরকার বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি নির্মূলসহ কোনো কিছুতে তাদের সাফল্য নেই। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর একগুয়েমীর কারণে দেশকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ থেকে মুক্তি পেতে হলে ব্যর্থ সরকারকে সরানো ছাড়া বিকল্প নেই।’’
বিদ্যুৎ সঙ্কটের জন্য সরকারের ‘ভুল নীতিকে’ দায়ী করে সাবেক জ্বালানি মন্ত্রী মোশাররফ বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাত থেকে দ্রুত অর্থ লুণ্ঠনের জন্যই কুইক রেন্টাল পাওয়ার প্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়।”
চাহিদা পূরণে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পরপরই বর্তমান সরকার তেলনির্ভর ২৪টি ভাড়াভিত্তিক ও পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে। একই ধরনের আরো ২৭টি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ায় এসব কেন্দ্রের অনেকগুলোই বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
কুই রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার এক অনুষ্ঠানে বলেন, এগুলোর কারণে সর্বনাশ নয়, বরং সুফল এসেছে।
ওই প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিএনপির আমলেও লোডশেডিং হয়েছে। তখন মাঝে মাঝে লোডশেডিং হতো। আর এখন সারাদিনের মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ আসে। প্রায়ই বিদ্যুৎ থাকে না।”
জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ মঞ্চের উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস ও পানি সঙ্কট নিরসনে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এছানুল হক মিলন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি আ ন হ আখতার হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবুু নাসের মো. রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫৫৫ ঘ.
bdnews24