২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুদককে গণমাধ্যমের স্বাধীনতা রোধ করার ক্ষমতা দেওয়া হয়নি’

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে বিরত থাকার পরামর্শ দেওয়ায় দুদক চেয়ারম্যানের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

নোয়াখালী, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে বিরত থাকার পরামর্শ দেওয়ায় দুদক চেয়ারম্যানের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ এলাকা কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “একজন সাবেক আমলা হিসেবে তার (দুদক চেয়ারম্যানে) জানা উচিত ছিল যে, দুদককে কোনো আইনে মিডিয়ার স্বাধীনতা রোধ করার ক্ষমতা দেওয়া হয়নি।” রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পদ্মা সেতু প্রসঙ্গে গণমাধ্যমকে আর কোনো কথা না বলার দুদকের সিদ্ধান্ত এবং গণমাধ্যম কর্মীদেরও একই নীতি অনুসরণের অনুরোধ জানান। গোলাম রহমান বলেন, “দুদকের তদন্ত নিয়ে গণমাধ্যমে খ- খ- আকারে এমন সব সংবাদ আসছে, যার কারণে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।” পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুদক আর কোনো কথা বলবে না বলেও জানান তিনি। এর সমালোচনায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “দুদক স্বাধীনভাবে কাজ করছে না, তারা বর্তমান সরকারের আজ্ঞাবহ হয়ে সরকারের ইচ্ছে অনুযায়ী কাজ করছে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মাহবুব তানসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাইমুল ইসলাম নইম ও যুগ্ম আহ্বায়ক আবদুল বাছেত হিরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৮৩৪ ঘ.