২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের পথে খালেদা

স্বাস্থ্য পরীক্ষা শেষে সৌদি আরব থেকে দেশের পথে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সোমবার ভোরে তার ঢাকায় পৌঁছনোর কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষা শেষে সৌদি আরব থেকে দেশের পথে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সোমবার ভোরে তার ঢাকায় পৌঁছনোর কথা। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরব সময় রোববার বিকাল সাড়ে ৩টায় খালেদা গালফ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে রিয়াদ থেকে রওনা হয়েছেন। সোমবার ভোর ৪টায় তার ঢাকা পৌঁছনোর কথা রয়েছে। খালেদা গত ১৫ জুন স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরব যান। রিয়াদে বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে রোববার সকালে তার স্বাস্থ্যপরীক্ষা শেষ হয়েছে বলে প্রেসসচিব জানান। সৌদি আরবের অবস্থানকালে খালেদা জিয়া ওমরাহ পালন করেন। এ সময় তিনি জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সদরদপ্তরে সংস্থার মহাসচিব ড. একমেলুুদ্দীন এহসান গুলুর সঙ্গেও বৈঠক করেন। জেদ্দায় অবস্থানকালে রাজকীয় কনফারেন্স প্যালেসে খালেদা জিয়ার স্যুটে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের উপদেষ্টা ও পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার ড. আবদুল্লাহ ওমর নাসিফ এবং ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবির চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী। সৌদি আরব সফরে খালেদার সফরসঙ্গী রয়েছেন তার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, প্রেসসচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ ও ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২০৩১ ঘ.