ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একানব্বইয়ে শেখ হাসিনার ভারত সফরের কথা তুলে ধরে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তখনও বিএনপি ১০টির বেশি আসন পাবে না বলে তিনি মন্তব্য করেছিলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে রোববার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।
ফখরুল বলেন, “৯১ সালেও এই শেখ হাসিনা ভারত সফরে গিয়ে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই হাতের ১০ আঙ্গুল দেখিয়ে বলেছিলেন, ১০টির বেশি আসন পাবে না বিএনপি। এর পরের কথা সবার জানা। তাই প্রধানমন্ত্রীকে বলবো আমরা আসন বণ্টনের রাজনীতি করি না।”
জনপ্রিয়তা যাচাইয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি।
শনিবার আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনায় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে বিএনপির ১০টির বেশি আসন পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে ভর্তুকি কমানো, রপ্তানি পণ্যের ওপর উৎসকর বৃদ্ধি, ঋণ নির্ভরতাসহ বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হয়।
নির্দলীয় সরকারের দাবি আবারো তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারকে এই দাবি মানতে হবে। আর জনগণই নির্ধারণ করবে কে কত আসন পাবে।”
স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, “এই বাজেট গণবিরোধী লুটপাটের বাজেট। জনগণের কল্যাণে দিকে নজর দিয়ে বাজেট করা হয়নি।”
গত ৭ জুন সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১২-১৩ অর্থবছরের জন্য ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫২ হাজার কোটি টাকা।
মহানগর ১৮ দলীয় জোটের সমন্বয়কারী আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ বক্তব্য দেন।
১৮ দলীয় জোটের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০১৩ ঘ.
bdnews24