গাজীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় গ্রেপ্তার তিন বিএনপি নেতা শুক্রবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন।
এদের মধ্যে দুইজনকে কারাফটক থেকে অন্য মামলায় আবার গ্রেপ্তার করা হয়েছে বলে দলের এক নেতা জানিয়েছেন।
তিন নেতা হলেন তেজগাঁও থানা বিএনপি নেতা এল রহমান, নবী সোলায়মান এবং দলের ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুজ্জামান।
প্রথমোক্ত দু’নেতাকে কারাফটক থেকে গোয়েন্দা পুলিশ ফের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনিপি’র সদস্য সচিব মো. আব্দুস সালাম।
বৃহস্পতিবার তারা নি¤œ আদালত থেকে জামিন পান বলে আব্দুস সালাম জানান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক আবুল বাশার বলেন, বৃহস্পতিবার রাতে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে কাগজ-পত্র যাচাই-বাছাই শেষে শুক্রবার দুপুর দেড়টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই বলে জানান ওই কারা কর্মকর্তা।
এর আগে গত ১৪ জুন এই কারাগার থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান রতন মুক্তি দেওয়া হয়।
কিন্তু এরপরই কামরুজ্জামান রতন ছাড়া অন্যদের কারাফটক থেকে আবার গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
১৮ মে বিএনপি’র অন্যন্য নেতাদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24