২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে বিশৃঙ্খলার পেছনে ভারত: বিএনপি

আশুলিয়ায় পোশাক শিল্পে বিশৃঙ্খলার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছে বিএনপি। বন্ধ সব কারখানা অবিলম্বে খুলে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক শিল্পে বিশৃঙ্খলার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছে বিএনপি। বন্ধ সব কারখানা অবিলম্বে খুলে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। বুধবার রাজধানীতে এক মানবন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংসের জন্য প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। আশুলিয়ার ঘটনা পরিকল্পিতভাবে ওই দেশটির এজেন্টরা ঘটিয়েছে।” আশুলিয়ায় বিক্ষোভ, বিশৃঙ্খলা ও ভাংচুরের ঘটনার পোশাক শ্রমিক বা মালিকরা সঙ্গে জড়িত নয় বলেও তিনি মন্তব্য করেন। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত ১১ জুন থেকে টানা এ সপ্তাহ অস্থিরতা চলে আশুলিয়া শিল্পাঞ্চলে। শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। ভাংচুর করা হয় বিপুল সংখ্যক যানবাহন। সরকার কারখানা মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালেও অস্থিরতা চলতে থাকে। শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাত চললে আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানবন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)। এই কর্মসূচিতে আবদুল মঈন খান বলেন, “পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ দিক দিয়ে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। এজন্য প্রতিবেশী দেশটি (ভারত) ঈর্ষান্বিত। তাই তারা পরিকল্পিতভাবে এই ক্ষুদ্র দেশটির অগ্রগতির সোপানকে থামিয়ে দিতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে।” ভারতের ওই ‘এজেন্টদের’ চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। আরেকটি মানববন্ধন ‘কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজেটে ভুর্তকি ও বরাদ্ধ বৃদ্ধির দাবিতে’ একইস্থানে আলাদা মানববন্ধন করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প-কারখানার অস্থিরতা ও বিশৃঙ্খলার পেছনে সরকারি দলের লোকজনই জড়িত রয়েছে। এর সঙ্গে কোনো শ্রমিক জড়িত নয়। কারণ যে কারখানা শ্রমিকের অন্ন যোগান দেয়, তাকে মা হিসেবে মনে করে, সেই কারখানা ভাংচুর শ্রমিকরা করতে পারেন না।” শ্রমিকদের বেতন বাড়ানোর দাবির সঙ্গে একমত পোষণ করে কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, দুই বছর আগে পোশাক শিল্পের মজুরি নির্ধারণ করা হয়েছিল। এই দুই বছরের মধ্যে জীবনযাত্রার ব্যয় শতকরা ২৫ ভাগ বেড়ে গেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। তাই পোশাক শিল্প মালিকদের এ বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৫৫ ঘ.