২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ জুলাই

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৩ জুলাই নতুন দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৩ জুলাই নতুন দিন রেখেছে আদালত। জোট নেতাদের আইনজীবীরা সময়ের আবেদন করার পর ঢাকার দ্রুত বিচার হাকিম আদালতের বিচারক মো. এরফান উল্লাহ বুধবার এই দিন নির্ধারণ করেন। এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন নির্ধারিত থাকায় মির্জা ফখরুল, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ বিরোধী দলের ১৩ নেতা আদালতে হাজির হন। জোট নেতাদের পক্ষে সময়ের আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া। গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় মির্জা ফখরুলসহ বিরোধী দলের ৪৩ জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। এরপর ১০ মে ৪৬ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় তেজগাঁও থানা পুলিশ। উচ্চ আদালতের নির্দেশে জোট নেতারা এ মামলায় জামিন চাইতে বিচারিক আদালতে গেলে দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহ তা নাকচ করে গত ১৬ মে তাদের কারাগারে পাঠান। গত ৭ জুন মির্জা ফখরুলসহ ৩০ নেতাকে হাইকোর্ট জামিন দেওয়ার পর অধিকাংশ জ্যেষ্ঠ নেতা কারাগার থেকে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১২৫০ ঘ.