ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রের তিন মূল স্তম্ভ সংসদ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দাবি করে এর জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি।
সংসদ এবং হাই কোর্টের এক বিচারকের পাল্টপাল্টি বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকার এমনভাবে দেশ পরিচালনা করছে, যেখানে কোনো সুশাসন নেই।
“তাদের ব্যর্থতা ও দুঃশাসনের কারণে আজ রাষ্ট্রের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন সভা (সংসদ)- এই প্রধান তিন স্তম্ভের মধ্যে মারামারি-বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।”
মঙ্গলবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন; যদিও একই দিন সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ওই সঙ্কটের অবসান ঘটেছে।
গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে ৫ জুন এক বিচারক মন্তব্য করলে সেদিনই সংসদে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
এই প্রেক্ষাপটে স্পিকার আবদুল হামিদ সোমবার এক রুলিংয়ে এই বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। পাশাপাশি ওই বিচারককে অপসারণে সংসদ সদস্যদের প্রস্তাব প্রত্যাহারেরও অনুরোধ করেন।
সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “এই সরকারের হাতে দেশের জনগণ, গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ নয়। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”
নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনে জনসমর্থন বাড়ছে দাবি করে তিনি বলেন, “১১ জুনের গণসমাবেশে মানুষের উপস্থিতি তার প্রমাণ। বিরোধী দলের ওপর যতই সরকারের নির্যাতন বাড়বে, তত দ্রুত গণঅভ্যূত্থানের পরিবেশ সৃষ্টি হবে।”
যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ফখরুল বলেন, “বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীরা আদালতে ন্যায়বিচার থেকেও বঞ্চিত হচ্ছেন।”
“সরকারের দুর্নীতির কারণে দাতা সংস্থাগুলো বাংলাদেশে অর্থ সহযোগিতার হাত সঙ্কুচিত করেছে। বিশ্ব ব্যাংক পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিয়েছে,” বলেন তিনি।
দলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে ফখরুল বলেন, “ইলিয়াস পরিবার যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তখন প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, ইলিয়াসকে উদ্ধার করবেন। কিন্তু তিনি কথা রাখেননি।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপুসহ আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফখরুল।
সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত মহসচিব মুনীর হোসেন নেতাদের মুক্তি দাবিতে ২১ জুন থানায় থানায় এবং ২৩ জুন জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, শফিউল বারী বাবু, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০১০ ঘ.
bdnews24