২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা প্রশ্নে সরকারের সঙ্গে একমত এরশাদ

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত যথার্থ বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত যথার্থ বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ক্ষমতাসীন মহাজোটের এই নেতা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “বর্তমানে কোনো অবস্থাতেই বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না।” “রোহিঙ্গা শরণার্থী প্রশ্নে বর্তমান সরকার যে নীতি গ্রহণ করেছে, তা সঠিক ও যথার্থ বলে আমি মনে করি এবং আমি এ ব্যাপারে সরকারের পদক্ষেপ সর্বান্তকরণে সমর্থন করি,” বলেছেন তিনি। মিয়ানমারের রাখাইন প্রদেশে গত সপ্তাহে দাঙ্গার পর থেকে সে দেশে সংখ্যালঘু রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে তাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে সরকার। এই শরণার্থীদের আশ্রয় দিতে জাতিসংঘ বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও সরকার তাদের আশ্রয় না দেওয়ার অবস্থানে অনড় রয়েছে। গত দুই দশক ধরে বাংলাদেশে প্রায় ৫ লাখ রোহিঙ্গার আশ্রয় নেওয়ার বিষয়টি তুলে ধরে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “রোহিঙ্গা শরণার্থী সমস্যা অনেক আগে থেকে বাংলাদেশের জন্য একটি ‘বিষফোঁড়া’। তাদের ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা হচ্ছে না।” বাংলাদেশের জনগোষ্ঠির সঙ্গে মিশে রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, নিপীড়নের নিন্দা জানিয়ে সেখানে শান্তি-শৃঙ্খলা ফেরাতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ। সঙ্কট অবসানে মিয়ানমারের ওপর চাপ দিতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৮২১ ঘ.