২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় দেখিয়ে দাবি থেকে হটানো যাবে না: ফারুক

মিথ্যা মামলা দিয়ে হয়রানির মাধ্যমে বিরোধী দলকে নির্দলীয় সরকার ব্যবস্থার দাবি থেকে হটানো যাবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা মামলা দিয়ে হয়রানির মাধ্যমে বিরোধী দলকে নির্দলীয় সরকার ব্যবস্থার দাবি থেকে হটানো যাবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। সোমবার সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ এ কথা বলেন। তিনি বলেন, “একের পর এক মিথ্যা মামলা দিয়ে নেতাদের কারাগারে নেওয়া হচ্ছে। বিএনপিকে জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না। এখনো সময় আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংসদে পাস করুন। আমরা আর হরতাল-অবরোধ করব না। না হলে রমজানের পর কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে।” জাতীয় প্রেস ক্লাবের সামনে নরসিংদী জেলা জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে বিএনপির জেলা সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের মুক্তির দাবিতে এই মানববন্ধন করা হয়। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে ফারুক বলেন, “গত ১১ জুন ঢাকার গণসমাবেশে লোক সমাগম এই সরকারের জনসমর্থন কোথায় নেমে গেছে তার প্রমাণ দেয়।” মানববন্ধনে অন্যদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্থানীয় যুব দল নেতা দীন মুহাম্মদ দীপু ও সুলতান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এএল/১৯৩৭ ঘ.