২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ছাড়েননি ইলিয়াসের স্ত্রী

নিখোঁজ হওয়ার দুই মাস পার হলেও স্বামীকে খুঁজে পাওয়ার আশা ছাড়ছেন না বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার দুই মাস পার হলেও স্বামীকে খুঁজে পাওয়ার আশা ছাড়ছেন না বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। রোববার বিকালে নিজ বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আশ্বাসের পর আমি এখনও আশায় আছি। খুঁজে পাওয়া যাবে ইলিয়াসকে।” তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি বলে তিনি জানান। লুনা বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাজনীতির চেয়ে মানবতা অনেক ঊর্ধ্বে,’ এ কথাটি আমার বেশী মনে পড়ছে।” ইলিয়াসের ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালের নবম জন্মবার্ষিকী ১৮ জুন। ইলিয়াসের ভাই আসকির আলী একটি চিঠি দেখিয়ে বলেন, “সাইয়ার প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি লিখেছে।” ইংরেজী ভাষায় লেখা চিচিতে লেখা রয়েছে, Mrs. Sheikh Hasina, 18 June is my birth day. You have to give me a gift that is my father. I want my father before my birthday. Every year he presents me many gifts.( মিসেস শেখ হাসিনা, ১৮ জুন আমার জন্মদিন। আমাকে একটি উপহার দিতে হবে আপনার, তাহলো আমার বাবা। আমি বাবাকে জন্মদিনের আগে চাই। প্রতিবছর তিনি জন্মদিনে আমাকে অনেক উপহার দেন।) কখন, কিভাবে প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হবে জানতে চাইলে সাইয়ার চুপ করে থাকেন। তখন ইলিয়াসের ভাই বলেন, “আপনাদের মাধ্যমে।” বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাদের উদ্ধারে র‌্যাব ও পুলিশ গাজীপুর, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালালেও খোঁজ মেলেনি সাবেক এই সংসদ সদস্যের। বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৯৪৫ ঘ.