২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতাল হল অ্যান্টিবায়োটিক’

তিন মাসের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে বহাল না হলে লাগাতার হরতাল দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে বহাল না হলে লাগাতার হরতাল দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। রোববার চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে এক সমাবেশে তিনি বলেন, “আন্দোলন জোরদার করতে হরতাল হল ‘অ্যান্টিবায়োটিক’ ওষুধ। আর দাবি আদায়ের জন্য এ ওষুধ রমজানের পর দেওয়া হবে।” দাবি পূরণে সময় বাড়িয়ে দেওয়ার যুক্তি তুলে ধরে নোমান বলেন, “আমরা চাই, আগামী তিন মাসের মধ্যে সরকার সংসদ বা সংসদের বাইরে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা করবে।” তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশে ছিলেন। সমাবেশ শেষে নোমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি একটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাসিমন ভবনের সামনে এসে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/২২১০ ঘ.