২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী জামায়াত কার্যালয় থেকে ১০ জন গ্রেপ্তার

পুলিশ বলছে, তারা ওই কার্যালয়ে বসে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গাজীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে টঙ্গী থেকে জামায়াতে ইসলামীর ৯ নেতা-কর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী থানার ওসি কাজী ইসলাঈল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর টঙ্গী কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াতের টঙ্গী থানার সহ-সাধারণ সম্পাদক মো. এরফানুল হক, সুরা সদস্য মাওলানা নুরুল আমিন, জামায়াতের টঙ্গীর থানার রোকন মো. মহিউদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, টঙ্গী ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মকবুল হোসাইন, কর্মী মো. আব্দুল্লাহ, মো. আশরাফ, মো. রবিউল হাসান, মো. মামুন ও পথচারী আমির হোসেন। এদের মধ্যে আমির হোসেনকে জামায়াত কার্যালয়ে সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, “তারা ওই কার্যালয়ে বসে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে তথ্য পেয়েই গ্রেপ্তার করা হয়েছে।” অবশ্য জামায়াতের জেলা আমির আবুল হাসেম খান বলছেন, শুক্রবার সকালে কর্মী সম্মেলন শেষে ওই নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৪০ ঘ.