২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পরক্ষণেই গ্রেপ্তার সোহেলসহ ৪ জন

হরতালের মামলায় কারামুক্তির পরক্ষণেই গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন-নবী খান সোহেলসহ চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

গাজীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় কারামুক্তির পরক্ষণেই গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন-নবী খান সোহেলসহ চারজন। অন্যরা হলেন- যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতাদের মুক্তির কিছু সময় পর রাত সোয়া ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন এই চার নেতাসহ পাঁচজন। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান রতন বেরিয়ে গেলেও সোহেল, নিরব, সপু ও টুকুকে গোয়েন্দা পুলিশ আটক করে। কারা ফটকে গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাস দাঁড় করানো ছিল। ওই চারজন বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের তুলে নেওয়া হয়। গাজীপুরের কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য একটি মামলায় গোয়েন্দা পুলিশ এই চার নেতাকে গ্রেপ্তার করেছে। রাতে তাদের আগে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আ স ম হান্নান শাহ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই রাতে ঢাকার কারাগার থেকে ছাড়া পান বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী ও এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। হরতালের মামলায় তারা সবাই গত ১৬ মে ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। তখন তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/২৩৪৪ ঘ.