ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের আন্দোলনে বাধা দেওয়ার কাজটি বিএনপি সরকারে থাকতেই শুরু করেছিল দাবি করে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, তারা সেই ধারাবাহিকতাই রক্ষা করছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সদস্য আশা করছেন, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের অধীনেই বিএনপি অংশ নেবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে নাসিম বলেন, “কোনো অযৌক্তিক দাবির কাছে সরকার মাথা নত করবে না। নির্বাচন না হলে গণতন্ত্র ব্যাহত হবে। আওয়ামী লীগ বিশ্বাস করে, গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে হলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে।”
তবে বিরোধীদল অংশ না নিলেও না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
“জুজুর ভয় দেখিয়ে নির্বাচন আটকে রাখা যাবে না। নির্বাচনে কেউ না এলেও নির্বাচন যথাসময়ে এবং অন্তবর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে,” বলেন তিনি।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ২০১৪ সালের জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, বলেন নাসিম।
তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহালের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম আরো বলেন, “আন্দোলনের নামে ধূম্রজাল সৃষ্টি করে অযথা কালক্ষেপণ করবেন না। আপনাদের দাবিগুলোর কথা সংসদে এসে বলুন। সরকারের সমালোচনা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেথা বিষয়ে আপনাদের যে কোনো প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করব।”
রাজপথে আন্দোলনে সরকার বাধা দিচ্ছে বলে বিএনপির অভিযোগের জবাবে নাসিম বলেন, “আমরা যথন বিরোধীদলে ছিলাম আমাদের সামনেও কাঁটাতারের বেড়া ছিল। বাধা থাকবেই, এ নিয়ে দুঃখ করার কোনো কারণ নেই। আপনারা আপনাদের আমলে যা করেছিলেন, আমরা তাই কনটিনিউ করছি।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বিএনপি, জামায়াতের গণবিরোধী কর্মকাণ্ড খালেদা জিয়ার মিথ্যাচার ও দেশবাসীর করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মহানগর শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম, কৃষক লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/২১৩৫ ঘ.
bdnews24