ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের সঙ্গে সরকার প্রধানের সম্পৃক্ততা যেন কোনোভাবেই ব্যহত না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জনগণের মাঝ থেকে আসি, জনগণের সঙ্গে সম্পৃক্ত। হতদরিদ্র মানুষ আমার কাছে আছে, আমার দরজা তাদের জন্য খোলা।
“আমার আওয়ামী লীগের অনেক গরিব নেতাকর্মী আছে। তাদের সঙ্গে এমন আচরণ করবেন না, যেন তারা মনে কষ্ট ও দুঃখ পায়। এদিকটায় নজর দেবেন। জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা কোনোভাবেই যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”
দেশের মানুষের জন্য নিজের রাজনীতি- এই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমি বলেই রাজনীতিতে এসেছি। একদিনে সবাইকে হারিয়েছি। দেশের বাইরে ছিলাম বলে বেঁচে আছি।”
প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এসএসএফের আনুগত্য, পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিদেশ থেকে আসা ভিআইপির নিরাপত্তা বিধানেও এই বাহিনীর সদস্যরা পূর্ণ নিষ্ঠা এবং আন্তরিকতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
১৯৮৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই এসএসএফ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।
দেশের রাষ্ট্র ও সরকার এবং অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তার জন্য ১৯৮৬ সালে রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরবর্তীকালে এই বাহিনীর নাম হয় ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)’। সশস্ত্র বাহিনী, পুলিশ এবং আনসারের সদস্যরা এসএসএফে কাজ করেন।
এসএসএফের উন্নয়নের বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “জঙ্গিদের ঘটনা বা হামলার চরিত্র বদলেছে। এটা মোকাবেলার যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। আমার বিশ্বাস কঠোর অনুশীলন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে আপনারা অপারেশনাল কর্মকাণ্ড আরো গতিশীল ও যুগোপযোগী করবেন।”
সরকারি দায়িত্বের পাশাপাশি এসএসএফ সদস্যদের সামাজিক ও পারিবারিক দায়িত্বে অবহেলা না করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমার অনেক কর্মসূচি আছে। তারপরও আমার ডিউটি করতে গিয়ে কারো সন্তান যেন বাবার স্নেহ থেকে বঞ্চিত না হয়।”
“আমি নামাজ পড়ে দেশবাসীসহ সকলের জন্য দোয়া করি। এসএসএফ সদস্য, পিজিআর, এসবি এবং পুলিশের জন্যও দোয়া করি। তোমরা আমার দোয়ায় আছ,” বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএসএফের মহাপরিচালক চৌধুরী হাসান সারওয়ার্দী।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আনসারের মহাপরিচালক, প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৭৫১ ঘ.
bdnews24