ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী সংসদে যেতে বাধা দিতেই বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে ‘কটূক্তির কৌশল’ নিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “সংসদ নেতা চান না, বিরোধী দল সংসদে ফিরে আসুক। তাই তিনি ইচ্ছাকৃতভাবে বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে কটূক্তি করে আমাদেরকে সংসদে যাওয়া থেকে বিরত রাখার অপচেষ্টা চালাচ্ছেন।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশনেত্রী ফোরামের উদ্যোগে এই মানবন্ধন কর্মসূচি থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কটূক্তির’ প্রতিবাদ জানানো হয়।
গত ১২ জুন গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিরোধী দলীয় নেত্রী কালো টাকা সাদা করার বিরুদ্ধে কথা বলেছেন৷ উনি নিজেই তো কালো টাকা সাদা করেছেন৷ তাহলে উনি এত বড় বড় কথা বলেন কীভাবে?'”
জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা যখনই সংসদে যাওয়ার উদ্যোগ নেই, তখন সংসদ নেতা কিংবা সরকারি দলের লোকজন নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সংসদে যাওয়ার পরিবেশ কলুষিত করে। আমরা মনে করি, বিরোধী দলীয় নেতা সম্পর্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কটূক্তি সেই উদ্দেশ্য নিয়েই।”
বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ রাখা প্রসঙ্গে ফারুক বলেন, “এ বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আপনারা কালো টাকা সাদা করুন। আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছি, কালো টাকা সাদা করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও কালো টাকার উৎস প্রকাশ করতে হবে।”
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে সংসদে বিল আনার আহবান জানিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “এখনো সময় আছে, নির্দলীয় সরকারের বিল এনে সংসদে পাস করুন। নইলে পরিণতি ভালো হবে না।”
সংগঠনের সভাপতি শহীদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৪৩০ ঘ.
bdnews24