২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার উস্কানি দিচ্ছে: মওদুদ

হিংসতার দিকে যেতে বিরোধী দলকে সরকার উস্কানি দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতার দিকে যেতে বিরোধী দলকে সরকার উস্কানি দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক গোলটেবিল আলোচনায় তিনি বলেছেন, “দেশে নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টি হলে সরকারি দলের ক্ষমতায় থাকার সুবিধা হয়। তাই তারা বিরোধী দলকে উস্কে দিয়ে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।” বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার এবং জামিনের পরও মুক্তি না দেওয়া এই ‘চক্রান্তের’ অংশ বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সরকারের ‘ফাঁদে’ পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। মওদুদ বলেন, “আমাদের ধৈর্যের সঙ্গে এ সব চক্রান্ত মোকাবেলা করতে হবে। সরকারের ধারাবাহিক ব্যার্থতা অব্যাহতভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিও জানান তিনি। সড়ক ভবনে গোলাগুলির ঘটনা তুলে ধরে তিনি বলেন, “সরকার সমর্থক একটি সংগঠনের দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে কয়েকজন আহত হওয়ার পরও কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি। আইন সরকারি দলের জন্য এক রকম, আর বিরোধী দলের জন্য অন্যরকম।” নাগরিক ফোরাম আয়োজিত ‘আইনের শাসন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নেতা আব্দুর রাজ্জাক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এএইচএ/এমআই/২২০০ ঘ.