ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সৌদি আরব যাচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ রাজকীয় হাসপাতালে বিরোধী দলীয় নেতার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শুক্রবার সন্ধ্যায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব রওনা হবেন।”
সৌদি আরবে বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে রাজকীয় প্রাসাদে বিরোধী দলীয় নেতা থাকবেন বলে তিনি জানান।
প্রেস সচিব জানান, সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাতের কর্মসূচিও আছে।
সৌদি আরবে থাকার সময় উমরাহ পালন ও মদিনাতে হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।
খালেদা জিয়া আগামী ২১ জুন দেশে ফিরে আসবেন বলে জানান প্রেস সচিব।
বিরোধী দলীয় নেতার সফরসঙ্গী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, দলের তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ ও বিরোধী দলীয় নেতার ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ থাকবেন।
এছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমাও সফরসঙ্গী থাকবেন বলে জানান প্রেস সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৭২৮ ঘ.
bdnews24