২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন বিএনপি নেতা শাহাদাত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানো ঘটনার মামলায় জামিন পেয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানো ঘটনার মামলায় জামিন পেয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবদুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত। শুনানি শেষে আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে ১৪ জুন মামলার পরবর্তী তারিখ ঠিক করেছেন। শাহাদাতের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ১০ হাজার টাকা মুচলেকায় শাহাদাত হোসেনের জামিন মঞ্জুর করেছেন। গত ১৩ মে ১৮ দলীয় জোটের গণমিছিলের আগে সমাবেশ চলাকালে কাজীর দেউরী মোড় ও নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বাদি হয়ে সেদিন রাতেই দ্রুত বিচার আইনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটিসহ কোতোয়ালি ও খুলশী থানায় মোট ছয়টি মামলা করে। গত ২৩ মে খুলশীর একটি ও কোতোয়ালি থানার দুটিসহ মোট তিনটি দ্রুত বিচার মামলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত ৫ জুন আদালত অভিযোগপত্র তিনটি গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শাহাদাত এর আগে উচ্চ আদালত থেকে জামিন নিলেও তার মেয়াদ আগেই শেষ হয়। কোতোয়ালির অপর একটি মামলায় জামিন বাতিল হয়ে কারাগারে রয়েছেন নগর জামায়াতের আমীর ও সাতকানিয়ার সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫২১ ঘ.