২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচারের অভিযোগপত্র হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে

পৌনে ২ কোটি টাকা পাচারের ঘটনায় এই অভিযোগপত্রে সাবেক সংসদ সদস্যের স্ত্রী মাফরুজা সুলতানার নামও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পৌনে ২ কোটি টাকা পাচারের ঘটনায় এই অভিযোগপত্রে তার স্ত্রী মাফরুজা সুলতানার নামও রয়েছে। ভোলার সাবেক সংসদ সদস্য হাফিজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই। মামুনের বিরুদ্ধেও অর্থপাচারের অভিযোগ রয়েছে। দুদকের প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীমের দেওয়া অভিযোগপত্রে হাফিজ দম্পতির বিরুদ্ধে বিটিটিবির টেলিটক প্রকল্পের আওতায় অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে সিমেন্স বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ১ কোটি ৭৫ লাখ টাকা নিয়ে তা পাচারের অভিযোগ আনা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ অভিযোগ গ্রহণ করবেন বলে জানান তিনি। মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে আট জনকে। ২০১১ সালের ১৬ অগাস্ট দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গুলশান থানায় মামলাটি করেন। এতে বলা হয়, কাজ পাইয়ে দেওয়ার জন্য সিমেন্সের পরামর্শক জুলফিকার আলীর মাধ্যমে সিঙ্গাপুরে হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রীর অ্যাকাউন্টে ১ লাখ ৭০ হাজার ডলার জমা নেওয়া হয়। পরে তারা ওই টাকা সরিয়ে নেন। আব্দুর রশিদ জানান, এ মামলায় হাই কোর্ট থেকে জামিন নিয়েছেন হাফিজ ও মাফরুজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/এমআই/১৭২৬ ঘ.