ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ভাংচুরের অভিযোগে উত্তরা থানার দুটি মামলায় কারাগারে গেছেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ বিএনপির ৩৬ নেতা-কর্মী।
মঙ্গলবার তারা ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হেলাল গত সংসদ নির্বাচনে ঢাকার উত্তরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে হেরেছিলেন।
বিএনপি নেতাকর্মীদের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ ও ২৪ এপ্রিলে উত্তরা থানায় হেলালসহ এই ৩৬ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়। এ মামলায় ১৪ মে হাই কোর্ট থেকে অর্ন্তর্বতী জামিন নেন বিএনপি নেতা-কর্মীরা।
মঙ্গলবার তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠান বিচারক।
খোকনের জামিন নাকচ
হরতালে বাসের ভেতরে ঘুমন্ত চালককে পুড়িয়ে মারার ঘটনায় খিলগাঁও থানার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রেজাউল ইসলাম এই আবেদন নাকচের পাশাপাশি খোকনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনও নাকচ করে।
এদিকে যুবদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জিলানীকে একই মামলায় একদিনের হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
রোববার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিলি করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
খোকনকে গত ১৭ মে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার ওই মামলায় তিনি জামিনও পান। তবে গত ৩ জুন কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার পরপর তাকে আবার গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/১৬৪১ ঘ.
bdnews24