ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ব্যক্তিবিশেষের উন্নয়নে বিশ্বাস করে না। দেশের সব নাগরিকের উন্নয়নই বর্তমান সরকারের লক্ষ্য।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নব নির্বাচিত কমিটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার কার্যালয়ে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
বর্তমান সরকারের সময়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন অর্থবছরের জন্য এক লাখ ৯২ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে জনগণের উন্নয়নের কথা চিন্তা করেই।
এই বাজেট বাস্তবায়নে প্রকৌশলীদের সহায়তা চেয়ে শেখ হাসিনা বলেন, প্রকৌশলীদের হাত দিয়েই বাজেটের একটি বড় অংশ বাস্তবায়ন হবে।
সরকারের উন্নয়নগুলো সাধারণ নাগরিকেদের মধ্যে প্রচারের জন্যও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সরকারি দলের নির্বাচনী ইশতেহারে ২০১১ সালের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছিল। কিন্তু এখন পাঁচ হাজার তিনশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমন্দার মধ্যে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। জাতীয় প্রবৃদ্ধি ছয় ভাগের ওপরে রয়েছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে দেশের সাধারণ নাগরিকসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর ‘নিপীড়ণ ও নির্যাতনের’ ঘটনাগুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সরকার প্রতিশোধে বিশ্বাস করে না। বর্তমান সরকার জনগণের উন্নয়নেই কাজ করে যাচ্ছে।”
সরকার গত তিন বছরে চার লাখ লোককে সরকারি চাকরি দিয়েছে এবং ৬৮ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলেও প্রধামন্ত্রী উল্লেখ করেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি হাবিবুল রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, মূখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৬২৫ ঘ.
bdnews24