কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতভাগ উপস্থিতির পুরস্কার অর্জনে ঝড়-বৃষ্টির মাঝেও যে কলেজছাত্রী কোনো ক্লাশ কামাই করেনি, একটি রাজনৈতিক কর্মসূচি তার সব প্রচেষ্টা প- করে দিল।
সোমবার সকাল ৭ টায় কলেজের ভাড়া করা মাইক্রোবাসের জন্য লক্ষ্মীবাজারে অপেক্ষা করছিলো হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বষের্র ছাত্রী জ্যোতি। কলেজ খোলা, তাকে কলেজে যেতেই হবে। তাই বারবার সে ডান হাতের ছোট্ট ঘড়িটির দিকে তাকাচ্ছিল। সাড়ে সাতটা বেজে গেলো। অথচ মাইক্রোবাসের কোনো খবরই নেই।
জ্যোতি দাঁড়িয়ে ভাবছে- বাস আসছে না কেন? মাকে ফোন করে বিষয়টি জানতে চায় জ্যোতি।
মা মিনতি দাস খবর নিয়ে জানতে পারেন যে, নয়াপল্টনে বিএনপির সমাবেশের কারণে কলেজবাস আজ আর আসবে না। পরক্ষণেই মেয়েকে ফোনে এ খবর জানিয়ে দেন।
মিনতি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজের বাস আসবে না শুনে জ্যোতি কেঁদে ফেলে। মিনতি করে আমাকে বলে, “মা তুমি পাতলাখানের বাসা থেকে লক্ষ্মীবাজার ভিক্টোরিয়া পার্কে আমার কাছে এসে দেখো না আমাকে কোনোভাবে কলেজে নেওয়া যায় কিনা।”
এরপর মা দ্রুত ভিক্টোরিয়া পার্কে মেয়ের কাছে ছুটে যান। গিয়ে দেখেন অসহায় জ্যোতি দাঁড়িয়ে আছে। কোনো বাস নেই।
“আর এতোদূরে (ফার্মগেটের হলিক্রস কলেজ) কোন রিকশাও যেতে যাচ্ছেনা,” বলেন তিনি।
মিনতি দাস জানান, জ্যোতি গত বছর বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে হলিক্রস কলেজে ভর্তি হয়। ক্লাশে যেসব শিক্ষার্থীর উপস্থিতিরি হার শতভাগ তাদেরকে একটি সার্টিফিকেট দিয়ে থাকে এই কলেজ কর্তৃপক্ষ। আর এই সার্টিফিকেট অর্জনের জন্য জ্যোতি কখনো ক্লাশ কামাই করেনি।
তিনি বলেন, “গত বছর সেপ্টেম্বর মাসে একদিন সকালে প্রবল বৃষ্টি হচ্ছিল। কিন্তু ওইদিন জ্যোতি বৃষ্টিতে ভিজেও ক্লাশে গিয়েছিলো।”
কান্নাভেজা কন্ঠে জ্যোতি বললো, “অনেক স্বপ্ন ছিলো ওই সার্টিফিকেট অর্জনের। কিন্তু আজ গণসমাবেশের কারণে তা ভেঙে গেলো।”
বিএনপি নেতৃত্বাধীন জোটের ‘গণসামবেশের’ দিন সকাল থেকে হঠাৎ করেই গণপরিবহনের সংকট দেখা দেয় রাজধানীর রাজপথে। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচলও বন্ধ ছিল।
মইনুল হক চৌধুরী নামে এক বৃদ্ধ মিরপুর থেকে পুরান ঢাকায় আসেন। তিনি জানালেন, প্রথমে বাসে উঠার পর মিরপুর দশ নম্বরে কয়েক যুবক বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজও করে। পরে অনেক কষ্ট করে ভিন্ন পথে মিটফোর্ডে আসেন মইনুল হক।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ১২ মার্চ একই স্থানে মহাসমাবেশ করে ঢাকায় ১১ জুনের এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি পূরণের জন্য ৯০ দিন সময় বেঁধে দিয়েছিলেন তিনি, যা রোববারই শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১২৭ ঘ.
bdnews24