২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তি দাবি জামায়াতের

নয়া পল্টনে খালেদা জিয়ার জনসভায় যুদ্ধাপরাধে আটক জামায়াতে ইসলামী নেতাদের মুক্তি দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে খালেদা জিয়ার জনসভায় যুদ্ধাপরাধে আটক জামায়াতে ইসলামী নেতাদের মুক্তি দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ। সোমবার নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে তিনি আরো বলেন, “স্বৈরাচারী ও অগ্রতান্ত্রিক পস্থায় ক্ষমতা আটকে রাখতে নানা ছলচাতুরি করছে ক্ষমতাসীন সরকার। কিন্তু জনগণ তা হতে দেবে না।” গত সাড়ে তিন বছরে বর্তমান সরকার গুম, হত্যা ও নির্যাতন ছাড়া জনগণকে আর কিছুই দিতে পারেনি বলেও দাবি করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল। বিদ্যুৎ, গ্যাস সঙ্কট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছে মন্তব্য করে জামায়াত নেতা বলেন, “তারা (সরকার) যা ইচ্ছা তাই করছে, এ কারণে কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই।” “ভারতীয় কোম্পানি সাহারাকে এক টুকরা জমিও এদেশের জনগণ দেবে না,” বলেন তিনি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ১৮ দলীয় জোট আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না। জনসভায় এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বলেন, “এই সমাবেশ বানচাল করতে ১৮ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কেউ বিশ্বাস করবেন না এই নেতারা গাড়ি পুড়িয়েছে, বোমা মেরেছে, তবুও মামলা দেওয়া হয়েছে।” বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “শেয়ারবাজারে লুটপাট, সাংবাদিকদের হত্যা, সরকারের অপকর্মের কথা বললে জেলে যেতে হয়। কোন অবস্থায় আছি আমরা।” “জনগণের চাহিদা পূরণ করুন, তা না হলে রাস্তা মাপুন। এরপর পালাবার জায়গা পাবেন না,” সরকারের উদ্দেশে বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২১১০ ঘ.