২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭০ আসন ধরে রাখতে আশাবাদী আ. লীগ

গত সংসদ নির্বাচনে জিতে আসা আসনের কমপক্ষে ১৭০টি আসন ধরে রাখার বিষয়ে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সংসদ নির্বাচনে জিতে আসা আসনের কমপক্ষে ১৭০টি আসন ধরে রাখার বিষয়ে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার দলটির সংসদীয় দলের এক বৈঠক শেষে নামপ্রকাশ না করার শর্তে সরকার দলীয় একাধিক সাংসদ জানান, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম ইঙ্গিত দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও দলীয় সাংসদদের একই নির্দেশ দেন বলে জানিয়েছেন তারা। সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সভাকক্ষে বিকাল ৪টা থেকে এক ঘণ্টার এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে একজন সাংসদ বলেন, “আমরা দলীয় সোর্স এবং গর্ভমেন্ট ইন্টেলিজেন্স দিয়ে সার্ভে করিয়েছি। এখানে ৩০টি আসনের অবস্থা নড়বড়ে। আরো ৩০টির অবস্থা ফিফটি-ফিফটি।” প্রধানমন্ত্রী বলেন, “বাকিগুলোর অবস্থা ভালো। তবে নির্বাচনের দেড় বছর বাকি রয়েছে, এ অবস্থার কম-বেশি পরিবর্তন হতে পারে।” ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩০টি আসনে জয়লাভ করে। সংবিধান অনুযায়ী ২০১৪ সালের ২৫ জানুয়ারির আগে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বলে সাংসদরা জানান। সাংসদদের তাদের নির্বাচনী এলাকার সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেন সংসদ নেতা। নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা মিটিয়ে ফেলে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করারও নির্দেশ দেন দলীয় প্রধান। বৈঠকের পর চিফ হুইপ আব্দুস শহীদ এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নচিত্র দেশবাসীর কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন।” শহীদ বলেন, “নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। সংসদ নেতা যার যার এলাকায় তৎপরতা বাড়ানোর কথা বলেছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গেও সম্পৃক্ত হতে বলেছেন।” সাংসদ সুবিদ আলী ভুঁইয়া বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা রাখেন’।” সংসদীয় দলের বৈঠকে অন্যদের মধ্যে আমির হোসেন আমু, এ বি এম আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আ স ম ফিরোজ, শহীদুজ্জামান সরকার, সাধন মজুমদার, আতিউর রহমান আতিক, তারানা হালিম, ফজিলাতুন্নেচ্ছা ইন্দিরা, কায়সার হাসনাত প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২০১২ ঘ.