ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে গণসমাবেশস্থলে পৌঁছেছেন খালেদা জিয়া। বিকাল ৪টার কিছু সময় পর তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে তাকে স্বাগত জানায় দলীয় নেতা-কর্মীরা। অফ হোয়াইট রঙের শাড়ি পরা খালেদা হাত উঁচিয়ে শুভেচ্ছার জবাব দেন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে সরকারকে ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পর দাবি পূরণ না হওয়ার মধ্যে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করছে ১৮ দলীয় জোট।
এই জনসভা থেকে সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি চেয়াপারসন। দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করে ইতোমধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে বেলা আড়াইটায় সমাবেশ শুরু হয়।
মঞ্চে খালেদা জিয়ার দুই পাশে বসেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ। ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারাও রয়েছেন মঞ্চে।
সমাবেশ পরিচালনা করছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় ৩০ নেতাকে কারাগারে রেখেই এই জনসভা করছে বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২২ ঘ.
bdnews24