২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলের গণসমাবেশ শুরু

জ্যেষ্ঠ নেতাদের কারাগারে রেখেই ১৮ দলীয় জোটের গণসমাবেশের কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যেষ্ঠ নেতাদের কারাগারে রেখেই ১৮ দলীয় জোটের গণসমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসুচি ঘোষণার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। বিকাল ৪টার মধ্যে তার সমাবেশস্থলে এসে পৌঁছানোর কথা রয়েছে। বেলা আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক। মহানগর বিএনপির সদস্য সচিব ও মহানগর ১৮ দলীয় জোটের সমন্বয়ক আবদুস সালামের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান,আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, কামাল ইবনে ইউসুফ,রাজিয়া ফয়েজ, চেয়াপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, ফজলুর রহমান পটল, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, মাহবুব উদ্দিন খোকন, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসহাকসহ ১৮ দলীয় জোট এবং বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা সমাবেশ মঞ্চে রয়েছেন। অনুষ্ঠান পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর যুগ্ম আহবায়ক বজলুল বাসিত আনজু ও জামায়াতে ইসলামীর মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বুলবুল। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ১৮ দলীয় জোটের কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম। নানা রঙের বেলুন, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ ডিজিটাল ব্যানারে সাজানো হয়েছে পুরো এলাকা। মঞ্চের সামনে বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। বেষ্টনীর পাশে মহিলা দল ও ছাত্রদলের নেতারা বসেছেন। মঞ্চের পূর্ব পাশে স্বেচ্ছাসেবক দল এবং পশ্চিম পাশে ছাত্রদলের নেতা-কর্মীরা হলুদ-সবুজ টি শার্ট ও লাল টুপি পড়ে অবস্থান নিয়েছেন। বিভিন্ন স্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং তাদের বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আটক জ্যেষ্ঠ নেতাদের বড় বড় প্রতিকৃতিও টানানো হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা আছে- নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে গণসমাবেশ। এই সামাবেশ ঘিরে পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ। আশেপাশের উঁচু দালানগুলোতেও পুলিশি পাহারা বসানো হয়েছে। মঞ্চের চারপাশে সিসিটিভি ক্যামেরাও বসিয়েছে র‌্যাব ও পুলিশ। সমাবেশের জন্য মহানগর পুলিশের বেঁধে দেয়া সীমানার বাইরে ফকিরাপুল ও নাইটিঙ্গেল রেস্তোরাঁর কাছে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে পুলিশ ও র‌্যাব সদস্যরা । সমাবেশের কার্যক্রম দেখানোর জন্য কাকরাইল মোড়, শাপলা চত্বর, ফকিরাপুল মোড়ে বসানো হয়েছে বড় পর্দা। শত শত নেতাকর্মী এসব বড় পর্দার আশেপাশে অবস্থান নিয়েছেন। বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের নানা বাধার পরও গণসমাবেশে বিপুলে জনসমাগম হবে বলে আমার বিশ্বাস।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫২৫ ঘ.