ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ১৮ দলীয় জোটের গণসমাবেশে আসার পথে নেতাকর্মীদের বাধা দিয়ে এবং ‘গণপরিবহন সংকট’ সৃষ্টি করে ‘অঘোষিত হরতাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাবেশ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক তরিকুল ইসলাম।
সোমবার মহানগর বিএনপির কার্যালয়ের তিনি সাংবাদিকদের বলেন, “গণসমাবেশে ঠেকাতে লঞ্চ-বাস বন্ধ করে দিয়েছে সরকার। রাজধানীর বিভিন্ন হোটেল থেকে আমাদের নেতা-কর্মীদের বের করে দেওয়া হয়েছে। সরকার অঘোষিত হরতাল ডেকেছে, যাতে সমাবেশে বাধা সৃষ্টি করা যায়।”
সমাবেশে মাইক লাগানোর অনুমতি থাকলেও পুলিশ বেশ কিছু মাইক খুলে নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
বিকাল ৩টায় ১৮ দলীয় জোটের এই সমাবেশ থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।
বিকালে গণসমাবেশে অন্তত ১৫ লাখ নেতা-কর্মী সমবেত হবে- এমন আশা প্রকাশ করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, “সরকার যত বাধার সৃষ্টি করা হোক না কেনো, আজকের গণসমাবেশ উপলক্ষে পুরো ঢাকা শহর গণময়দানে রূপ নেবে।”
তরিকুল অভিযোগ করেন, সমাবেশ উপলক্ষে পুলিশ ঢাকা মহানগরে বিএনপির আড়াইশ নেতা-কর্মীকে প্রেপ্তার করেছে। খুলনা, সাতক্ষীরা, বগুড়া, যশোরসহ বিভিন্ন স্থানেও নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর এসেছে।
“আমরা বলেছিলাম, দুপুর ১টার পর নেতা-কর্মীদের সমাবেশস্থলে আসতে। সরকারের এতো বাধার মধ্যেও নেতা-কর্মীরা হেটে সকালেই গণসমাবেশস্থলে এসেছেন। এ থেকে বোঝা যায়, সমাবেশে মানুষের সমাগম কেমন হবে”, বলেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, “চট্টগ্রাম থেকে আমাদের নেতা-কর্মীদের আসার পথে পথে বাধার মুখে পড়তে হচ্ছে। কিন্তু এসব করে লাভ হবে না, গণসমাবেশ বিকালে গণসমুদ্রে পরিণত হবেই।’’
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ১২ মার্চ একই স্থানে মহাসমাবেশ করে ঢাকায় এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি পূরণের জন্য ৯০ দিন সময় বেঁধে দিয়েছিলেন তিনি, যা রোববার শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪১৫ ঘ.
bdnews24