ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে গোলাম আযমের বিরুদ্ধে আগামী ২৪ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন বিভাগ।
এরপর বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে।
এদিকে মানবতাবিরোধী পাঁচ ধরনের অপরাধে অভিযুক্ত গোলাম আযমের জন্য কোরআন, হাদিসসহ অন্যান্য ধর্মীয় বই সরবরাহে প্রায় তিন সপ্তাহ আগের একটি আদেশের বিষয়ে সোমবার ‘সঠিক আদেশ’ দেবে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন বিভাগ আগের আদেশ পালন না করায় রোববার এ সিদ্ধান্ত জানায় ট্রাইব্যুনাল-১।
কারা হেফাজতে হাসপাতালে থাকা গোলাম আযমকে রোববারও ট্রাইব্যুনালে হাজির করা হয়।
৮৯ বছর বয়সী গোলাম আযমের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল যুদ্ধাপরাধের অভিযোগ গঠন হয়। ২০১২ সালের ১১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩২২ ঘ.
bdnews24