২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ সোমবার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সোমবার আদেশ দেবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সোমবার আদেশ দেবে ট্রাইব্যুনাল। গত ২৩ মে আসামিপক্ষের আইনজীবী ও প্রসিকিউশনের বক্তব্য শুনে আদেশের এ দিন রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিশনের পক্ষ থেকে আলীমকে যুদ্ধাপরাধী দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। অন্যদিকে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আলীমকে অভিযোগ থেকে অব্যহতি দেওয়ার আবেদন জানান তার আইনজীবীরা। গত ২৬ এপ্রিল আলীমের যুদ্ধাপরাধের ২৮টি ঘটনা তুলে ধরে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। এসব ঘটনার মধ্যে একাত্তরে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য কারার মতো অপরাধ রয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ২৭ মার্চ জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে তার জয়পুরহাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ অশীতিপর এই ব্যক্তিকে এক লাখ টাকা মুচলেকায় ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় শর্ত সাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল। জয়পুরহাটের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/১৯৪৫ ঘ.