ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক তরিকুল সাংবাদিকদের বলেন, “সরকার ও প্রশাসন দেরিতে অনুমতি দিলেও আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিকাল তিনটায় আমরা মঞ্চ নির্মাণ শুরু করব। আশা করছি, এ সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষের সমাবেশ ঘটবে। সেইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।’’
সোমবার এই সমাবেশ থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।
এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে বৈঠক করে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ ও জনসমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছেন।
পুলিশের সঙ্গে ওই সাক্ষাতের পর দলীয় কার্যালয়ে ফিরে ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বসেন বিএনপি নেতারা।
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের পর তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৮ দলীয় জোটের উদ্যোগে বিকাল ৩ টায় সমাবেশ শুরু হবে।
সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, “এ সমাবেশে ঢাকাসহ সব ওয়ার্ড ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেবেন।”
এদিকে সমাবেশ ঘিরে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ডিজিটাল স্ক্রিন প্রভৃতি তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এসব সামগ্রী দলীয় কার্যালয়ের নিচে এনে রাখা হয়েছে।
সমাবেশে খালেদা জিয়ার বক্তৃতা দেখানোর জন্য নয়া পল্টনের বিভিন্ন সড়কে চারটি স্থানে বড় পর্দা লাগানো হচ্ছে বলে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম জানান।
ইন্টারনেটে সরাসরি প্রচার
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, সোমবারের সমাবেশের পুরো কার্যক্রম বিএনপি ইন্টারনেটে সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে। www.bnplive.com - এই ঠিকানায় সকাল ১০টা থেকে সমাবেশের কার্যক্রম সরাসরি দেখা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24