২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করলেন খালেদা

দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে বৈঠক শেষে কর্মসূচি সম্পর্কে নেতারা কেউ কিছু জানাতে অস্বীকৃতি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে বৈঠক শেষে কর্মসূচি সম্পর্কে নেতারা কেউ কিছু জানাতে অস্বীকৃতি জানান। বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ১১ জুনের সমাবেশে থেকে খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করবেন। এই মূর্হুতে এ সম্পর্কে বলার কোনো সুযোগ নেই।’’ বৈঠকে ১১ জুনের সমাবেশের প্রস্তুতি, আটক নেতাদের জামিন বিলম্ব, ইলিয়াস আলীর গুম ঘটনাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে। চলে রাত ১১ টা পর্যন্ত। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর পর ৪৫ মিনিটের মাথায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেরিয়ে এসে এক সংবাদ ব্রিফিঙে বৈঠকে ১১ জুনের সমাবেশসহ আলোচনার বিষয়সমূহ তুলে ধরেন। তিনি বলেন, ‘‘১১ জুন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সরকার অনুমতি না দিলেও এই সমাবেশ হবে।’’ সমাবেশের অনুমতি অদ্যাবধি না দেয়ায় স্থায়ী কমিটি ক্ষোভ প্রকাশ করেছে বলে জানান নজরুল। তিনি অভিযোগ করেন, দলের নেতারা উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও ‘প্রোডাকশন ওয়ারেন্টের’ মাধ্যমে তাদের মুক্তি বিলম্বিত করার অপকৌশল করছে সরকার। স্থায়ী কমিটির সভায় এর তীব্র নিন্দা জানানো হয়েছে বলে তিনি জানান। বৈঠকে প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সংবাদ ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০০৮ ঘ.