২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন ফখরুলরা

আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, এই জামিনের ফলে জোট নেতাদের মুক্তি পেতে আর কোনো বাধা থাকল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩০ নেতা অবশেষে জামিন পেয়েছেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফ আর এম নাজমুল আহাসানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করে। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই জামিনের ফলে তাদের মুক্তি পেতে এখন আর কোনো বাধা থাকল না।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিবালয়ের সামনে বিস্ফোরণের মামলায় চার্জশিট হয়নি। ওই মামলায় বিচারিক আদালতে জামিন নামা দাখিল করা আছে। তাই এটা কোনো সমস্যা হবে না। জোট নেতাদের আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা নিয়মিত জামিন। বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।” জামিন পাওয়া অন্যরা হলেন, ড. খোন্দকার মোশারফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কামরুজ্জামান রতন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, ঢাকা মহানগর যুবদলের সেক্রেটারি রফিকুল ইসলাম মজনু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইয়াছিন আলী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ লিটু, বিএনপি নেতা ও ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল বাশার, বিএনপি নেতা ও ৪০ নম্বর ওয়ার্ডের কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা বিএনপির নেতা লুৎফর রহমান, বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নবী সোলায়মান, খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুছ মৃধা জামিন পেয়েছেন। আদালতে আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মওদুদ বলেন, এই মামলার আসামী শফিউল আলম প্রধান ওইদিন পঞ্চগড়ে ছিলেন। পঞ্চগড়ে তিনি হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করেছিলেন। ছবিসহ সেই রিপোর্ট ডেইলি স্টারসহ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। এছাড়া দুলু ওইদিন একটি মামলায় নাটোরের একটি আদালতে হাজিরা দিয়েছিলেন। আদালতের আদেশে সেটা উল্লেখ আছে। “তারা কীভাবে ওই একইদিন ঢাকায় গাড়ি পোড়াতে পারেন? যে এফআইআরের একটি অংশ মিথ্যা প্রতিপন্ন হয়, তার পুরোটাই মিথ্যা।” “এজাহারে বলা হয়েছে, ৬-৭টি মাইক্রোবাসে করে আসামীরা এসে একটি বাসের গতিরোধ করে। বাদী নাকি তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করেছেন। কিন্তু তিনি আসামীদের কাউকে ধরতে পারলেন না। ড্রাইভার বা একটি গাড়িকেও আটকে রাখতে পারলেন না। এমনকি একটি গাড়ির নম্বরও লিখতে পারলেন না। এতেই বুঝা যায় মামলাটি সাজানো”, যোগ করেন মওদুদ। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, দ্রুত বিচার আইনে জামিনের বিধানে বলা হয়েছে, মামলার নথিপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হলে আদালত জামিন দিতে পারবে। এই মামলায় মোবাইলে আসামীদের মধ্যে কথাবার্তার সিডি সংগ্রহ করা হয়েছে। সেগুলোও মামলায় নথি। এগুলো দেখার পরই কেবল জামিন দেওয়া যাবে। এরপর মওদুদ বলেন, ওই আইনে আদালত বলতে বিচারিক আদালতকে বোঝানো হয়েছে। নথি পর্যালোচনার করে জামিনের বিষয়টি সেখানকার সঙ্গে সম্পৃক্ত। আদালতে বিএনপি নেতাদের পক্ষে আরো শুনানি করেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। শুনানি শেষে আদালত আদেশ দেয়। আদেশে আদালত বলে, জামিন আবেদনকারীর বিষয়ে রুল চূড়ান্ত করা হলো। এর আগে এ মামলার কারাবন্দি আসামিদের মধ্যে বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে বাকি ৩০ জনের বিষয়ে রুল জারি করে আদালত। তাদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না সরকারের কাছে তা জানতে চাওয়া হয় ওই রুলে। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ। এরপর ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক। জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়। এরপর মহানগর দায়রা জজ আদালতও জোট নেতাদের জামিন আবেদন নাকচ করে দিলে তার বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন তারা। গত ২৬ মে জামিনপ্রাপ্ত পাঁচ সংসদ সদস্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/এইচএ/১৮৫০ ঘ.