২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩০ এর মধ্যে মধ্যম আয়ের দেশ: খালেদা

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে আওয়ামী লীগের ঘোষণার মধ্যেই মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সুধী সমাবেশে বিএনপির বাজেট ভাবনা উপস্থাপনকালে ভবিষ্যৎ পরিকল্পনায় একথা জানান বিএনপি চেয়ারপারসন। এতে ১৬ দফা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন খালেদা। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে, অবকাঠামোগত ঘাটতি মোকাবেলায় দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা, উৎপাদনের নতুন নতুন খাত খুঁজে বের করা এবং উৎপাদিত পণ্যের নতুন বাজার অনুসন্ধান, জ্ঞান, প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে মানব সম্পদের দক্ষতার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি। খালেদা জিয়া জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কৃষি পুনর্বিন্যাস করবেন বলেও উল্লেখ করেন। ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষাপটে একটি সুষমন্বিত নগর উন্নয়ন কৌশল প্রণয়নের পরিকল্পনার কথাও জানান তিনি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার সঙ্গে বহুমাত্রিক যোগাযোগের উন্নয়ন ও সম্প্রসারণের কথাও বলেন খালেদা। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টেকসই অভিযোজন কৌশল গ্রহণের কথাও বলেন তিনি। বিএনপির চেয়ারপারসনের পরিকল্পনায় জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার কথা রয়েছে। গ্যাস-তেল-কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের যৌক্তিক উত্তোলন ও ব্যবহার নিশ্চিত করার জন্য যথাযথ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে, বলেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারও করেন খালেদা জিয়া। বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিয়ে ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা হবে উল্লেখ করে খালেদা বলেন, “সামাজিক সুবিচার ভিত্তিক সমাজ গড়ে তোলা এবং সব শ্রেণি-গোষ্ঠির সম্পৃক্ততার উন্নয়ন নিশ্চিত করা হবে।” “আমরা বিশ্বাস করি, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব। আমাদের জনগণের মধ্যে রয়েছে এক অসাধারণ ও অতুলনীয় অন্তর্নিহিত শক্তি, উদ্যম আর সক্ষমতা। এই সৃজনশীলতাকে সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তর করে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজন গতিশীল নেতৃত্ব,” বলেন বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএম/এমআই/২৩৩৭ ঘ.