ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ব্যাংকগুলোর উদ্যোক্তাদের মূলধন যোগানোর সুযোগ করে দিতেই আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার বিকালে হোটেল সোনারগাঁওয়ে সুধী সমাবেশে বাজেট ভাবনা উপস্থাপনকালে তিনি বলেন, “আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। সঙ্গতভাবে প্রশ্ন করা যায়, তথাকথিত ব্যাংক উদ্যোক্তাদের কালো টাকা সাদা করে পরিশোধিত মূলধন যোগান দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে কি না।”
নতুন নয়টি ব্যাংকের অনুমোদনের প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, “যাদের ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, তারা সবাই শাসক দলের পরিচিত মুখ। প্রতিটি ব্যাংক স্থাপনের জন্য ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রয়োজন। যারা ব্যাংক করবেন, তাদের অর্থের উৎস কী, তা আজ পর্যন্ত অস্বচ্ছ।”
খালেদা জিয়া তার বক্তব্যে পুঁজিবাজার প্রসঙ্গে বলেন, “৩৩ লাখ বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করে প্রায় লক্ষ কোটি টাকা লোপাট করা হয়েছে। বিষয়টি তদন্তে গঠিত কমিটির রিপোর্টে চিহ্নিত দোষীদের বিরুদ্ধে আজ পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে বরং তাদের অনেককে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়ায় পুঁজিবাজারে আস্থা ফিরে আসছে না।”
পুঁজিবাজার থেকে লুণ্ঠিত অর্থ ডলারে রূপান্তরিত করে বিদেশে পাচার করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে খালেদা বলেন, “আমরা লক্ষ্য করেছি, পুঁজিবাজার বিপর্যয়ের পরেই ডলার দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। ফলে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি বেড়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএম/এসইউ/১৭৪০ ঘ.
bdnews24