ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘প্রভাবিত ’আদালত দিয়ে বিরোধী দলের নেতাদের ‘বেশি দিন’ আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, “সরকার বিএনপির নির্দলীয় সরকারের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে পুলিশ দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে এবং প্রভাবিত আদালত দিয়ে নেতাদের কারাগারে আটক রেখেছে।”
“কিন্তু নেতাদের এভাবে বেশিদিন আটকে রাখতে পারবে না। বুধবার হাইকোর্টে নেতাদের জামিনের শুনানি আছে। আমরা বিশ্বাস করি- সেখান থেকে তারা মুক্তি পাবেন”, যোগ করেন তিনি।
সরকারকে হুঁশিয়ার করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। যতদিন এই দাবি না মানা হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল কবীর পলের সভাপতিতে ¡ এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধন করেন ঢাকা জেলা ছাত্রদল।
এছাড়া একই স্থানে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, নরসিংদী জেলা শাখার উদ্যোগে আরেকটি মানববন্ধনে জেলা সভাপতি খায়রুল কবীর খোকনসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের অধিকাংশ শীর্ষ নেতা বর্তমানে হরতালের একটি মামলায় কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫০২ ঘ.
bdnews24