২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকা কুণ্ডেশ্বরীতে ঢোকেন, এরপরই গুলির শব্দ’

নূতন চন্দ্র সিংহকে হত্যার ঘটনা এবং এতে সালাউদ্দিন কাদের চৌধুরীর জড়িত থাকার তথ্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন এক সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যদের নিয়ে কুণ্ডেশ্বরী ঔষধালয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঢুকতে দেখার কথা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন একজন সাক্ষী। গৌরাঙ্গ চন্দ্র সিংহ নামে ওই সাক্ষী বলেছেন, এখনকার বিএনপি নেতা পাকিস্তানি সৈন্যদের নিয়ে ঢোকার পরই তিনি গুলির শব্দ পান। পরে তিনি ফিরে মৃত অবস্থায় পান নূতন চন্দ্র সিংহকে। ১৯৭১ সালের ১৩ এপ্রিল নূতন চন্দ্র সিংহকে হত্যার সময়ে নিজের চোখে দেখা ঘটনা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন গৌরাঙ্গ। সত্তরোর্ধ্ব গৌরাঙ্গের তখন বয়স ছিল ৩৩ বছর। চাচা নূতন চন্দ্রের সহকারীর দায়িত্ব পালন করতেন গৌরাঙ্গ। পাশাপাশি বাড়িও দেখাশোনা করতেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে যে ২৩টি ঘটনায় যুদ্ধাপরাধের বিচার চলছে, তার মধ্যে রাউজানে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্রকে হত্যা অন্যতম। সালাউদ্দিন কাদেরের মামলার চতুর্থ সাক্ষী গৌরাঙ্গ ট্রাইব্যুনালে বলেন, কুণ্ডেশ্বরীতে সালাউদ্দিন কাদেরসহ পাকিস্তানি সৈন্যদের ঢুকতে দেখে লুকিয়ে পড়েন তিনি। তিনি জানান, পালানোর জন্য দৌড় দেওয়ার পরপরই গুলির শব্দ শুনতে পান তিনি। “এক থেকে দুই মিনিটের মধ্যে আমি তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছিলাম,” বলেন গৌরাঙ্গ। সবাই চলে যাওয়ার পর ফিরে এসে মন্দিরের সামনে চাচার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি। “আমরা মন্দির থেকে একটা ত্রিপল নিয়ে মৃতদেহ ঢেকে দিই। আমি তার মুখের বাঁ পাশে ও বুকের বাঁ দিকে ক্ষত দেখেছি।।” গৌরাঙ্গ জানান, ঘটনার দিনই তিনি ভারতে পালিয়ে যান তিনি। স্বাধীনতার কয়েক বছর পর ফিরে এসে প্রত্যক্ষদর্শীদের কাছে তিনি শোনেন, কুণ্ডেশ্বরী ঔষধালয়ে কীভাবে হত্যাকাণ্ড চালানো হয়। গৌরাঙ্গ জানান, ঔষধালয়ের কর্মী ব্রজহরি কর্মকার হত্যার দৃশ্যটি ভবনের দ্বিতীয় তলা থেকে দেখেছেন। ব্রজহরি গৌরাঙ্গকে বলেন, প্রথমে একবার সব কিছু ঘুরে দেখে চলে যায় পাকিস্তানি সেনাবাহিনী। কিছু সময় পর তারা আবার ফিরে আসে। ব্রজহরির ভাষ্য জানিয়ে গৌরাঙ্গ বলেন, “সৈন্যরা নূতন চন্দ্রকে মন্দির থেকে টেনে বের করে গুলি চালায়। সালাউদ্দিন কাদের নূতন চন্দ্রের দিকে এগিয়ে যান এবং খুব কাছ থেকে তাকে গুলি করেন।” সাক্ষ্য দেওয়ার এই পর্যায়ে সালাউদ্দিন কাদেরের আইনজীবী আহসানুল হক বলেন, আগের সাক্ষীকে (সিরু বাঙালি) জেরা বাদ রেখে পরের সাক্ষীকে (গৌরাঙ্গ) জেরা করা হলে তার মক্কেলের ন্যায়বিচার পাওয়া ব্যাহত হতে পারে। তখন আদালত তার কথা মেনে এবারের জন্য সময় দিলেও বলেন, পরবর্তী ক্ষেত্রে একই বিষয়ের পুনরাবৃত্তি নাও হতে পারে। আসামিপক্ষের আইনজীবী তা মেনে নিয়ে একটি প্রশ্নের মাধ্যমে আনুষ্ঠানিকতা সারেন। আগামী বুধবার সাকা চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা পুনরায় শুরু হতে পারে। গত বছরের ১৪ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন। এর তিনদিন পর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২০ ডিসেম্বর একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। এর পাঁচ দিন আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার হন তিনি। সাঈদীর মামলা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মো. হেলালউদ্দিনকে অষ্টাদশ দিনের মতো জেরা করেছে আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে হেলালউদ্দিনের জেরা শুরুর জন্য ট্রাইব্যুনালের কাছে সময় চান সাঈদীর আইনজীবী এম তাজুল ইসলাম। তখন শুনানি শুরুর জন্য জ্যেষ্ঠ আইনজীবীকে দ্রুত ডেকে আনার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। কিছু সময় পর উপস্থিত হয়ে জ্যেষ্ঠ আইনজীবী মিজানুল ইসলাম জেরা শুরু করেন। এদিন ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন তিনি। মঙ্গলবার ফের তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/২০২৫ ঘ.